
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
গণমাধ্যমকর্মীদের ফোনকল রিসিভ করবেন না এবং ফোনে কোনো তথ্যও দেবেন না বলে জানিয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। তথ্য নিতে হলে সাংবাদিকদের থানায় এসে যোগাযোগ করতে হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।
ওসি মেহেদী হাসান বলেন, সম্প্রতি এক গণমাধ্যমকর্মীর সঙ্গে তাঁর কথোপকথনের একটি অডিও রেকর্ড অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি সাংবাদিকদের ফোনে তথ্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সভায় উপস্থিত প্রেস ক্লাব কোটচাঁদপুরের সভাপতি কাজী মদুল বলেন, একজনের কর্মকাণ্ডের দায় সব সাংবাদিকের ওপর দেওয়া যুক্তিসংগত নয়। সাংবাদিকদের বিভিন্ন সময় পুলিশের সহযোগিতা ও তাৎক্ষণিক তথ্য প্রয়োজন হয়। তাই ওসির এ সিদ্ধান্ত উদ্বেগজনক। তিনি সিদ্ধান্তটি প্রত্যাহার করে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান।
কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশার বলেন, সভায় তিনি ওসির কাছে এ সিদ্ধান্তের কারণ জানতে চান। তখন ওসি জানান, তাঁর অনুমতি ছাড়া কথোপকথন রেকর্ড করে ফেসবুকে প্রচার করায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বাশার বলেন, একজনের দায়ে উপজেলার সব সাংবাদিককে তথ্য থেকে বঞ্চিত করা যায় না। সব সময় থানায় গিয়ে তথ্য সংগ্রহ করা সম্ভব নয়; প্রয়োজনে ফোনেও তথ্য দেওয়ার ব্যবস্থা থাকা উচিত।
ওসি মেহেদী হাসান বলেন, অনুমতি ছাড়া তাঁর কথোপকথন রেকর্ড করে ফেসবুকে প্রচার করা হয়েছে, যা তিনি সঠিক মনে করেন না। এ ঘটনায় সাংবাদিকদের ওই কর্মীর বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসাইন। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।