
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা অভিযোগে সাক্ষী দেওয়ায় মো: সুজন হোসেন লালন (33) নামের এক যুবককে খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৪২৫, তারিখ: ২২/০৮/২০২৬) দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মেেন্দা শাহপাড়া গ্রামের জনৈক মো: সাইফুল ইসলামের সাথে প্রতিবেশী মো: নাসির আহমেদ (৫২)-এর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জেরে সাইফুল ইসলাম বিবাদীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে সুজন হোসেন লালন সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় ১ নং বিবাদী নাসির আহমেদ ও ২ নং বিবাদী মোছা: রোজি খাতুন (৪০) তার ওপর চরম ক্ষিপ্ত ও প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন।
এরই ধারাবাহিকতায় গত ১৯ আগস্ট সকাল ১০টার দিকে বিবাদীরা সুজন হোসেনের বসতবাড়ির সামনের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সুজন প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করা হয়। এসময় তার ডাকাডাকি শুনে স্থানীয় মো: শাহাদত হোসেনসহ আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন।
উপস্থিত লোকজনের সামনে বিবাদীরা সুজনকে ‘স্ত্রীলতাহানির মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো’ এবং সুযোগ পেলেই ‘মারপিটসহ খুন-জখম করার’ হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাকিলুল আজম জানান, লিখিত আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এসএসআই মো: মোস্তাফিজুরকে দায়িত্ব দেওয়া হয়েছে।