
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে জোর আলোচনা চলছে। দলের তৃণমূল থেকে শুরু করে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বহু নেতাকর্মী এই আসনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতীকে পুনরায় বিবেচনা করে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন।
আজ সোমবার (২৪নভেম্বর) সাতক্ষীরার সঙ্গীতা মোড় থেকে বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারন জনগন চিশতির মনোনয়নের দাবিতে বৃহৎ মশাল মিছিল করে। মিছিল টি সঙ্গীতা মোড় থেকে নিউমার্কেট হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রদক্ষিণ করে পুনরায় সঙ্গীতা মোড়ে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা মনোনয়ন পুনঃবিবেচনা করে ক্লিন ইমেজের নেতা, জনবান্ধব নেতা তাজকীন আহমেদ চিশতিকে দেওয়ার দাবি করেন। এসময় নেতা কর্মীরা বলেন তাজকিন আহমেদ চিশতী সাতক্ষীরা পৌরসভার মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে ধারাবাহিকভাবে নির্বাচিত হয়ে আসছেন। তিনি একজন নিবেদিতপ্রাণ, পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা হিসেবে দীর্ঘদিন ধরে বিএনপির পতাকা বহন করে আসছেন। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন, হয়রানি-কোনো অবস্থাই তাঁকে দল ও গণতন্ত্রের পথ থেকে সরাতে পারেনি। বরং প্রতিকূল সময়ে তিনিই ছিলেন সাতক্ষীরার বিএনপি নেতাকর্মীদের সাহস, আশ্রয় ও শক্তি। চিশতিকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-২ আসনে বিএনপি বিপুল ভোটে পরাজয় করবে।
উল্লেখ্য বিএনপির কেন্দ্র থেকে সাতক্ষীরা -২ আসনে তাজকিন আহমেদ চিশতিকে বাদ দিয়ে প্রার্থী ঘোষনা দিলে সেদিন থেকেই ক্ষোভে রাজপথে আন্দোলনে নামে সাতক্ষীরা সদরের বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারন জনতা। তাদের দাবী বিএনপি পুনরায় বিবেচনা করে জনতার নেতা ধানের শীষের যোগ্য প্রার্থী তাজকিন আহমেদ চিশতীকে মনোনয়ন দেওয়া হোক। এসময় বিক্ষুব্ধ মিছিলে পৌর ওয়ার্ডের সার্চ কমিটি সদস্য কামরুজ্জামান পলাশ, নাসির উদ্দিন বাবু, কামরুজ্জামান মামুন, আমজাদ হোসেন সহ সাতক্ষীরা বিএনপির তৃণমূল নেতা কর্মী ও সাধারন জনগন অংশ নেন।