
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুরের ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি বিশেষ টিম এ তল্লাশি অভিযান চালায়। এ-সময় কুড়িগ্রাম থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে সন্দেহজনক এক নারী যাত্রীর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক কারবারির নাম শাবানা (৩৬)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের মৃত আকবর আলীর মেয়ে এবং রবিউল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল ইসলাম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন—গ্রেফতারকৃত নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল জানিয়েছে, মহাসড়ক ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় নিয়মিত তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা দরকার।