
সুনামগঞ্জ প্রতিনিধি
সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মুক্তির দাবিতে আবারও রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করেছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা।
রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন।
সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ‘সজ্জন নেতা’ দাবি করে অবিলম্বে তার মুক্তির দাবিতে স্লোগান মিছিলে সরগরম করেন শিক্ষার্থীরা। এই মিছিলে অংশ নেন শান্তিগঞ্জ আবদুল মজিদ কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। শান্তিগঞ্জ পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হয়ে ‘ছাত্রদের মান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘উন্নয়নের মান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জেলের তালা ভাঙব, মান্নান ভাইকে আনব’ বলে স্লোগান দেন।
মিছিল শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন শিক্ষার্থী নাহিদ হাসান, বুশরা আক্তার চৌধুরী, রাব্বি হাসান জনি, মিজানুর রহমান, আবিদুর রহমান, ইমতিয়াজ প্রমুখ।