
সিলেট প্রতিনিধি
সিলেটের আলোচিত সাদাপাথর লুটকাণ্ডে জড়িত সন্দেহে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পদে স্থগিত থাকা সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল কুমারপাড়ায় অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে। তাকে রাতেই কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে। এসব মামলার অধিকাংশই অবৈধ পাথর উত্তোলন ও লুটপাট সংক্রান্ত।
গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদাপাথর উত্তোলন করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।
এরপর থেকেই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ে। সাহাব উদ্দিন এই ঘটনার অন্যতম মূল পরিকল্পনাকারী বলে সন্দেহ করা হচ্ছে। সাহাব উদ্দিন ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, তবে তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগের ভিত্তিতে দলীয় পদ স্থগিত করা হয়। রাজনৈতিক পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ খনিজ ব্যবসায় জড়িত ছিলেন বলেও অভিযোগ স্থানীয়দের। সাহাব উদ্দিনের গ্রেফতারের খবরে কোম্পানীগঞ্জে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, “বহুদিন ধরেই এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছিল। অবশেষে একজন শীর্ষ অভিযুক্ত ধরা পড়ল।