
এস এম মিজানুর রহমান
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ শহরের হাছননগরে নিজের বাসায় নৃশংসভাবে খুন হয়েছেন মা ও ছেলে। নিহতরা হলেন ফরিদা বেগম (৫৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। মঙ্গলবার(২৯) অক্টোবর সকাল সাড়ে আটটায় কাজের ভুয়া এসে ঘরের ভেতরে এই দুইজনের বিভৎস লাশ দেখে আশপাশের মানুষকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রহস্য উদঘাটন করতে সুনামগঞ্জ পুলিশের সাথে সিলেট থেকে পিবিআই এসে কাজ শুরু করেছে বলে জানান সদর থানার ওসি নাজমুল হক।
প্রতিবেশী ও স্বজনরদের বরাত দিয়ে জানা যায়,গত চার বছর আগে ফরিদা বেগমের স্বামী জাহেদুল ইসলাম মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে যুক্তরাজ্য প্রবাসী ছেলের কাছে বিয়ে দেবার পর থেকে সে ওখানেই বসবাস করছে । বাসায় থাকতেন ফরিদা বেগম ও তার কলেজ পড়ুয়া ছেলে মিনহাজুল ইসলাম (২০)। সম্প্রতি খালাতো বোন নার্গিস বেগম ও তার মাদ্রাসা পড়ুয়া ছেলে ফাহমিদও এই বাসাতেই থাকতো। তিনদিন আগে ঢাকা থেকে এই বাসায় আসে নার্গিস বেগমের ছেলে ফয়সল আহমদ (৩০)। সে মাদকাশক্ত ছিল বলে জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা।
ঘটনার পর ফয়সল ও ফাহমিদ এই দুইজনকে পাওয়া যাচ্ছে না। ফয়সলকে ফোনেও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বজনরা। নার্গিস বেগমকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রহস্য উদঘাটনে ডিবি ও পিবিআই’র টিম কাজ করছে। এমন নৃশংস ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন নিহতের স্বজনরা।
এ ঘটনায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো: আনোয়ারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এমন নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তিনি আরো বলেন, হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে আমাদের টিম কাজ করছে।