
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের যাত্রা শুরু হলো। গত ২৪ সেপ্টেম্বর ২০২৪, সরকারের পরিবার পরিকল্পনা বিভাগের সাথে যৌথ উদ্যোগে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কারিগরি সহায়তায় এসকেএস ফাউন্ডেশনের মমতা প্রকল্পের আওতায় এই সেবা কার্যক্রম চালু করা হলো।
গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনজু মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সেক্টর ডিরেক্টর (স্বাস্থ্য ও পুষ্টি) ডাঃ গোলাম মোদাব্বির মিয়া, সিনিয়র ম্যানেজার হাবিবা খালেদা, এবং পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. আতিকুর রহমান ও এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি বারহাম খান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সম্পদের সীমাবদ্ধতা এবং নদীভাঙ্গনের কারণে এতদিন এই এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হয়নি। তবে আজ সবার সমন্বিত প্রচেষ্টায় এই সেবা চালু করা সম্ভব হয়েছে। নতুন এই কেন্দ্রটি গর্ভবতী মা, নবজাতক এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন; যা এলাকার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে।”
অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “স্বাস্থ্যসেবা চালুর ফলে আমাদের ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী মৌলিক সেবা পেতে শুরু করল; যা সত্যিই একটি বড় সাফল্য।”