
বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনের শতবর্ষী ঐতিহ্যবাহী দুইটি জাহাজ “এম এল বন কন্যা” ও “এম এল বন রানী”র নিলাম বাতিল করে সংরক্ষণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছে হেরিটেজ এন্ড নেচার ভয়েস্ বাংলাদেশ। ২৪ আগস্ট ২০২৬ বেলা ১১ টার পর সংগঠনের নেতৃবৃন্দ বাগেরহাটের জেলা প্রশাসক মহোদয়ের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “আগামীর সময়” পত্রিকায় প্রকাশিত “স্মৃতির জাহাজ নিলামে বিক্রি” শীর্ষক সংবাদের আলোকে জানা যায় সুন্দরবনের ইতিহাসের সাক্ষী এই দুইটি জলযান ৪৭ লাখ ২২ হাজার ১০০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।এর মধ্যে ১টি জাহাজ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। নেতৃবৃন্দ স্মারক লিপিতে জানান,১৯০২ সালে ৩৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত “বন কন্যা” ও ১৯০৮ সালে নির্মিত “বন রানী” ব্রিটিশ আমলের নিদর্শন। ১২৪ ও ১১৮ বছরের এই জাহাজ দুইটি সুন্দরবনের প্রশাসনিক ইতিহাস ও দেশের প্রাচীন নৌ-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে। জাহাজ দুইটির ভেতরে বার্মিজ সেগুন কাঠের উপর অতি অভিজাত কারুকাজ রয়েছে। তারা আরও জানান, “একটি জাতির ইতিহাস-ঐতিহ্য বিক্রি করে দেওয়া মানে নিজেদের শেকড়কে অস্বীকার করা।নিলামের মাধ্যমে এই অমূল্য সম্পদ হারিয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্ম আর সুন্দরবনের এই ঐতিহ্যময় অধ্যায় দেখতে পাবে না।” এজন্য তারা অবিলম্বে নিলাম প্রক্রিয়া বাতিল করে জাহাজ দুইটিকে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগে জাদুঘর/হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষণ ও পুনঃসংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হেরিটেজ এন্ড নেচার ভয়েসেস্ বাংলাদেশ এর সভাপতি শাহেদ হাসান, সহ-সভাপতি জুম্মান শেখ ও সাধারণ সম্পাদক বায়তুল ইসলাম স্বাক্ষরিত ব্যাক্তিরা সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।