
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমি সৎ পথে আয়রোজগার করি। বৈধপথে চলি। কাজেই টাকা দিয়ে ভোট কিনতে পারবো না। জীবনেও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবো না। এরকম চিন্তাও করবো না। কারণ ভোট পবিত্র আমানত। ভোট দিয়ে আমার কাঁধে দায়িত্ব দিচ্ছেন আপনাদের জন্য কাজ করার। অনেক বিশ্বাস আর আস্থা থেকে ভোট দিয়েছেন এবং দিচ্ছেন। এটার সঙ্গে টাকার কোনও সম্পর্ক নেই। ভোটের সঙ্গে সম্পর্ক হলো বিশ্বাস আর ভালোবাসার।’
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) চাঁদপুরের হাইমচরে নির্বাচনি গণসংযোগ ও নারী সমাবেশে ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
টাকার বিনিময়ে কোনও মার্কায় ভোট না দিতে ভোটারদের আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, ‘যারা টাকা নিয়ে আসবে, তারা কী কোনোদিন আপনাদের জন্য কিছু করেছে? যারা দুর্নীতি করে এই টাকা কামিয়েছে, তারা টাকা দিয়ে কিনলে আর কোনোদিন আপনাদের কাছে আসবে না, কাজও করবে না। বরং বলবে, টাকা দিয়ে ভোট কিনেছি, আমি কাজ করবো কেন। আপনারা সবাই আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেবেন। আগে যা যা ওয়াদা করেছিলাম, সব করেছি। তাই আগামীতেও আপনাদের জন্য কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘অতীতে আপনারা আমাকে দোয়া দিয়েছেন। আমি আপনাদের জন্য দিনরাত কাজ করেছি। আমাদের সন্তানদের জন্য কাজ করেছি। আগামীতে যেন দেশটা স্মার্ট হয়। নতুন প্রজন্ম যেন উন্নত সমৃদ্ধ ও সৃজনশীল মানুষ হয়ে উঠে, পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে- সেজন্য আবারও নৌকায় ভোট দিয়ে আমাকে জয়ী করুন। এজন্য আপনাদের দোয়া চাই।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন ও আওয়ামী লীগ নেতা জাফর ইকবাল মুন্না।