
মো নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ, ঢাকা [প্রতিনিধি)
ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আমানউল্লাহ আমান বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে কেরানীগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ভূমি দখলমুক্ত করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম-এ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্যের শুরুতে নবনির্বাচিত এই সংসদ সদস্য সৃষ্টিকর্তা ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করব। আমরা শ্রমিকের মতো কাজ করব, সেবকের মতো কাজ করব।”
তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পরিকল্পিত উন্নয়নের স্বার্থে যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে সড়কের দুই পাশে অন্তত ১০ ফুট জায়গা খালি রেখে দেয়াল বা ভবন নির্মাণের আহ্বান জানান তিনি। এতে ভূমির মালিকরাই দীর্ঘমেয়াদে উপকৃত হবেন বলে মন্তব্য করেন।
শিক্ষা ও সামাজিক অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে আমানউল্লাহ আমান বলেন, শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণ করতে হবে এবং শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষকদের ও মান উন্নয়ন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া সড়কে ল্যাম্পপোস্ট স্থাপন, কেরানীগঞ্জ এর সকল কবরস্থান ও শ্মশানে ল্যাম্পপোস্ট স্থাপন,বিভিন্ন সড়কের ম্যানহোলের ঢাকনা সংযোজন এবং ছোট-বড় কয়েকটি ব্রিজের রেলিং আগামী তিন মাসের মধ্যে মেরামতের নির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি।
যানজট নিরসনে আটিবাজার, কলাতিয়া বাজার, রোহিতপুর, কোনাখোলা ও খোলামোড়া এলাকায় সার্বক্ষণিক ট্রাফিক পুলিশের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। এছাড়া কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ নিশ্চিত করার কথাও তুলে ধরেন।
মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে সংসদ সদস্য বলেন, “কেরানীগঞ্জে মাদক বিক্রেতা ও সেবনকারী কেউ থাকবে না। যদি আমার দলের নাম ভাঙিয়ে কেউ এসব করে, তাকেও আটক করা হবে। প্রয়োজনে অভিযানে আমি নিজে উপস্থিত থাকব।” একই সঙ্গে তিনি ঘোষণা দেন, কেরানীগঞ্জে কোনো ভূমি দখল বরদাশত করা হবে না।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল মাওয়া,দক্ষিন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুর রহমানসহ কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সংসদীয় ঢাকা-২ আসনের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। সভাটি উপজেলা পর্যায়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বিবেচিত হয়।