
মাহমুদুল হাসান আপেল, হালুয়াঘাট =ময়মনসিংহ=*
ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে SDG-3 = Good Health and Well-being বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার =২৮ সেপ্টেম্বর ২০২৬= দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, “মাদক পরিহার করুন, নিজে বাঁচুন এবং আগামী প্রজন্মকে বাঁচতে দিন।” মাদক বর্তমানে সমাজের অন্যতম ব্যাধিতে পরিণত হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ, প্রবীণ এমনকি নারীরাও মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা পরিবার ও সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ।
যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
*সেমিনারে গৃহীত ৬ দফা সিদ্ধান্ত:*
১. তরুণদের মাদক থেকে দূরে রাখতে ব্যাপক সচেতনতা তৈরি করা।
২. অভিভাবক, শিক্ষক ও সমাজের নেতৃত্বকে সম্পৃক্ত করা।
৩. মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসনে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান।
৪. সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম আয়োজন।
৫. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত উদ্যোগ জোরদার করা।
৬. প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী কমিটি গঠন।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুজ্জামান, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের এ.এস.আই মোঃ রেজাউল করিম।
এছাড়া হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোঃ শাকেরউল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোয়াজ্জেম হোসেন মাষ্টার, এনসিপি ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক হাসনাত হৃদয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আবদুল্লাহ আল মামুন, পূজা উদযাপন পরিষদের দেবতোষ সরকারসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম, খতিব, মুয়াজ্জিন ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।