
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৯৫ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল।
রোববার (২৭ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর থানার নগর জালফৈ বাইপাস সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বটতলা চার রাস্তার মোড়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—রাজশাহী জেলার মো. শহিদুল ইসলাম (৩২), মো. ইব্রাহিম (৩৩) এবং সিরাজগঞ্জ জেলার মো. বিপ্লব শেখ (২৫)।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে নগর জালফৈ বাইপাস সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে একটি সন্দেহভাজন পিকআপে তল্লাশি চালায় সিপিসি-৩, এসআরবি-১৪-এর একটি দল। এ সময় পিকআপসহ শহিদুল ইসলাম ও ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পিকআপের স্টিয়ারিংয়ের নিচে ডান পাশের হেডলাইটের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন দুপুর সোয়া ১টার দিকে টাঙ্গাইল সদর থানার বটতলা চার রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা মো. বিপ্লব শেখকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগে বিশেষ কায়দায় রাখা ৩ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধ হেরোইন ও ইয়াবা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামতসহ তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।