
রাবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের (এসআরএ) নতুন কমিটি।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাক্ষাৎ করেন তারা। এসময় ১৫ দফা দাবি জানায় সংগঠনটি।
তাদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিতকরণ, ক্যাম্পাসের খাবার দোকানগুলোতে খাবারের যথাযথ মান নিশ্চিতকরণ এবং প্রশাসন কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা অনুসারে খাবার বিক্রি হচ্ছে কি-না সেজন্য মনিটরিং সেল গঠন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা, প্রতিটি একাডেমিক ভবন, আবাসিক হল, প্রশাসনিক ভবনগুলোতে অত্যাধুনিক ফিল্টার স্থাপন।
উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের সেবার মান বৃদ্ধি করা, শতভাগ অনলাইন মাধ্যমে ফর্ম ফিলাপের ব্যবস্থা করা, সার্টিফিকেট সেকশনের হয়রানি বন্ধে যথাযথ পদক্ষেপ নেয়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিটি হলে আবাসন নিশ্চিত করা, একাডেমিক ভবন ও হলের প্রতিটি ফ্লোরে একটি করে হাই কমেডের ব্যবস্থা করা, সিট বাণিজ্য ও অবৈধ সিট দখলকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া।
তাদের দাবির মধ্যে আরও রয়েছে অনলাইন ব্যাংকিং চালু করা, বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকিয়ে ক্যাম্পাসের সার্বিক পরিবেশ সুন্দর রাখা, কেন্দ্রীয় গ্রন্থাগার স্বক্রিয়করণ, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা, বিশ্বব্যাপী স্বীকৃত জার্নালগুলোতে বিনামূল্যে প্রবেশ নিশ্চিতকরণ, স্মার্ট আইডি কার্ডের উল্লেখিত সেবাসমূহ নিশ্চিত করা, ছাত্র শিক্ষকের সম্পর্ক সুদৃঢ়করণ এবং পূর্ণাঙ্গ টিএসসিসি গঠন করা এবং সিনেট কার্যকর করা বা সিনেটে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করার লক্ষ্যে শীঘ্রই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা।
সৌজন্য সাক্ষাৎকালে অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজিব, সাধারণ সম্পাদক এফ আর এম ফাহিম রেজাসহ নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন একটি সামাজিক, অরাজনৈতিক ও অধিকারভিত্তিক ছাত্র সংগঠন। এটি ছাত্র-ছাত্রীদের মৌলিক অধিকারসহ নানাবিধ অধিকার সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে কাজ করে আসছে।