নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এই আল্টিমেটামের ঘোষণা দেওয়া হয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আল্টিমেটাম দেন। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।
খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ করে বিএনপি। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অনেক বেশি অসুস্থ, চিকিৎসকরা বলেছেন, তার শারীরিক অবস্থা ভালো নয়। বাংলাদেশে আর তার চিকিৎসা নেই। তাকে বিদেশে না নিলে বাঁচানো কঠিন হতে পারে।
এর আগে সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন দলের বিভিন্ন নেতাকর্মীরা। ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে সমাবেশে যোগ দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত সপ্তাহে মাত্র চার দিনের ব্যবধানে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) এনে চিকিৎসা দেওয়া হয়।
ইতোমধ্যে তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে বর্তমান সরকারের অনুমতি না পেলে তাকে বিদেশে নেওয়া সম্ভব না।
