নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ ১৭০ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।
বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ সদস্যদের মাঝে অনুদানের এ অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার।
আর্থিক অনুদান প্রদান শেষে ডিএমপি কমিশনার বলেন, আহত ও অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য যে টাকা খরচ হয়েছে সেই তুলনায় এ সহায়তার পরিমাণ খুবই কম। ডিএমপি কল্যাণ ফান্ড থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হয়। অসুস্থতার গুরুত্ব বিবেচনা করে ২ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। এছাড়াও ডিএমপির ট্রাফিক কল্যাণ তহবিল ও পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আহত ও অসুস্থদের আর্থিক অনুদান প্রদান করা হয়।
অসুস্থ সকলের প্রতি সহানুভূতি প্রকাশ ও রোগ মুক্তি কামনা করে ডিএমপি কমিশনার বলেন, অসুস্থতা কখন, কীভাবে কার আসে এটা বলা যায় না। আর পুলিশ সদস্যরা দীর্ঘক্ষণ ডিউটির কারণে অনেকেই অনেক ধরনের অসুস্থতায় ভোগেন। এজন্য নিজের স্বাস্থ্যের দিকে সকলের নজর দিতে হবে।
ডিএমপির সীমিত সাহায্যের পাশাপাশি সুচিকিৎসার জন্য যদি কোন বিশেষজ্ঞ ডাক্তার বা হাসপাতালে যাওয়ার সুপারিশ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে সহায়তারও আশ্বাস দেন তিনি।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মুহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমানসহ যুগ্ম-পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৭১তম সভা ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় ১৭০ জন পুলিশ সদস্যের অনুকূলে ৪৯ লাখ ১৪ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।
