
মো:আরিফুল ইসলাম
যশোর সদর উপজেলা প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন অভিযোগে একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা সদরের ৮টি ও নারিকেলবাড়িয়া বাজারের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসি।
আদালত সূত্রে জানা গেছে, ডাক্তার, নার্স না থাকা, কাগজপত্রে ত্রুটিসহ একাধিক অভিযোগে উপজেলা সদরের মজিদ মার্কেটে আলমগীর হোসেনের আনোয়ারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
অন্যদিকে এক্স-রে টেকনিশিয়ান না থাকায় উপজেরা সদরের হাসপাতালের সামনে হাজী ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এসএম মোস্তফা কাইয়ুম, ডাক্তার সুবির বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক মনিরা খাতুন, পুলিশ কর্মকর্তা এসআই অনিমেষসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসী বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।