
ফরিদপুর প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বিএনপিকে আগামী যেকোনো নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়ে বলেছেন, সবইতো হলো, এবার দয়া করে আগামী যেকোনো নির্বাচনে অংশ নেন। দেখতে দেখতে তো জাতীয় সংসদ নির্বাচন চলে গেল, অন্যান্য দল অংশ না নিলে নির্বাচন থেমে থাকেনি। তাই আগামীর নির্বাচনগুলোতে অংশ নেন।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের মধুখালি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পাইলট স্কুল মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, বিএনপি বলেছিল তাদের ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। কিন্তু সবাই দেখল নির্বাচন হলো। এরপর বলেছিল নির্বাচন হলেও বিদেশিরা স্বীকৃতি দেবে না। বিদেশিরাও স্বীকৃতি দিল।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, অনেক ষড়যন্ত্র আছে। নির্বাচনের আগেও ষড়যন্ত্র হয়েছে। নির্বাচনের পরেও ষড়যন্ত্র আছে। তবে যতই ষড়যন্ত্র হয়েছে এ পর্যন্ত সব ষড়যন্ত্রেই শেখ হাসিনার বিজয় হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামীন শেখ হাসিনার সঙ্গে আছেন।
এ সময় আব্দুর রহমান ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে বলেন, বঙ্গবন্ধুর নামেই ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, মঞ্চে এসে আমাকে ফুল দিয়ে সংবর্ধনা দিতে হবে না। আমিই উল্টো আপনাদের বাড়ি ঘুরে ঘুরে সবার সঙ্গে সাক্ষাৎ করে ফুল নিয়ে আসব। মন্ত্রী যাবে আপনাদের চুলোর পিঠে। মন্ত্রী যাবে স্কুল-কলেজে, হাটে-বাজারে সব জায়গায়। মন্ত্রী যাবে সাধারণ মানুষের কাছে।
তিনি মন্ত্রিত্ব পাওয়ার অভিব্যক্তি তুলে ধরে বলেন, ভেবেছিলাম হয়তো এমন এক জায়গায় আমাকে দিবে যেখানে থেকে আরও কিছু কাজ করার সময় পাব। এখন দেখলাম এমন জায়গায় এসেছি, এ জায়গায় তিতপুঁটি, ট্যাংরা নানা ধরনের কাজ।
তিনি বলেন, আমার জীবনে আর কিছু পাওয়ার পাওয়ার নেই। এই মধুখালিতে এর আগে কেউ মন্ত্রী হতে পারেননি। আল্লাহ যাকে ইজ্জত সম্মান দেয় কেউ কেড়ে নিতে পারে না। আর যার ইজ্জত কেড়ে নেন কেউ তা ফিরিয়ে দিতে পারে না।
মধুখালি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মিণী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা, পান্না গ্রুপের চেয়ারম্যান লোকমান হোসেন খান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু।