
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পা ছুঁয়ে সালামের হিড়িক পড়ে এমপিদের। গতকাল মঙ্গলবার অধিবেশন কক্ষে এমন দৃশ্য দেখা যায়। বিকেল ৩টায় অধিবেশন শুরুর কিছুক্ষণ আগে সংসদে প্রবেশ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তার সঙ্গে সালাম ও কুশল বিনিময় শুরু করেন এমপিরা। সেখানে সরকারদলীয়দের চেয়েও স্বতন্ত্র এমপিদের অংশগ্রহণ বেশি চোখে পড়ে। জাতীয় পার্টির দু-একজন এমপিও প্রধানমন্ত্রীকে সালাম করেন।
ঘিয়ে রঙের জমিনে বেগুনি পাড় ও আঁচলের শাড়ি পরে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সিটে বসার আগে তাকে ঘিরে জড়ো হতে থাকেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সবাই সংসদ নেতাকে সালাম দেন। কয়েকজন এমপিকে দেখা যায় প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম করতে। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি নির্বাচিত হওয়া শাহজাহান ওমরকেও কুশল বিনিময় করতে দেখা যায়। প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্যালুট করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। সে সময় শাজাহান ওমরকে নিয়ে হাস্যরসও করেন প্রধানমন্ত্রী।
সরকারদলীয় এমপি ছাড়াও প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম করেন স্বতন্ত্র এমপিরাও। অনেকেই সালাম করতে তার কাছে দৌড়ে যান। ভিড়ের কারণে যারা কাছে আসতে পারেননি, তারা দূরে দাঁড়িয়ে সালাম দেন শেখ হাসিনাকে। ৩টার দিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এ সময় নিজ আসনে গিয়ে বসতে সবাইকে তাগিদ দেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। পরে একে একে সবাই নিজ আসনে গিয়ে বসেন।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯টি সংসদীয় আসনে আওয়ামী লীগ পায় ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পায় ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন ৬২টিতে। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট আগামী ১২ ফেব্রুয়ারি। গত ১০ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেন। পরদিন সরকার গঠন করা হয়।