
লোহাগাড়া প্রতিনিধি
সুকুমার নাথ
লোহাগাড়া সাতকানিয়া সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন চট্টগ্রাম-১৫ আসনে পরাজিত ডক্টর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরীর বিরুদ্ধে চটগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকল চাকমা বাদী হয়ে মামলা দায়ের করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সাংসদ সদস্য ডক্টর আবু রেজা নেজামুদ্দিন নদভী ও তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন সংক্রান্ত মামলা আমলে নিয়ে মাননীয় আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আদালত সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করে চট্টগ্রাম-১৫ নির্বাচনি এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন এবং তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে নৌকা মার্কার সমাবেশে চুনতি মাদ্রাসার সিরাতুন্নাবী (সাঃ) মাহফিলের জন্য এক কোটি টাকা অনুদান, এক সমর্থকের ছেলেকে চাকুরীর ঘোষণা এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্কলারশীপ প্রদানের ঘোষণা দিয়েছিলেন। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেবের কাছে বিপুল ভোটে নির্বাচনে ধরাশায়ী নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী পুটিবিলা তাঁতীপাড়া এক সমাবেশে ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়েছিলেন। এসব ঘটনায় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১/৩ বিধির লঙ্ঘন করা হয়েছে মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এই মামলা গ্রহণ করতে জেলা জজকে অনুরোধ করা হয়। প্রসঙ্গত, অভিযুক্ত আবু রেজা নেজামুদ্দিন নদভী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নৌকা প্রতীক নিয়ে লড়েছেন। আর তাকে চ্যালেঞ্জ করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিল্পপতি এমএ মোতালেব সিআইপি।