
নেয়ামুল হক রনি
স্টাফ রিপোর্টার
ট্রেড লাইসেন্স ব্যতীত কোনো কাগজপত্র না থাকায় রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(ডিএনসিসি)।
বুধবার (৬ মার্চ) প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে গুলশান ও বনানী এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনের অগ্নি নিরাপত্তা ঝুঁকি পরিদর্শনপূবর্ক অভিযান পরিচালনা হয়। অভিযানে এই জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন জানান, “ট্রেড লাইসেন্স ব্যতীত কোনো কাগজপত্র না থাকায় কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে ফায়ার সার্টিফিকেট, পরিবেশের ছাড়পত্রসহ সকল অনুমোদন সম্পন্ন করতে হবে। যদি কাগজপত্র প্রস্তুত না হয় তাহলে কাচ্চি ভাই সিলগালা করা হবে।”
একই অভিযোগে ধানসিঁড়ি নামে আরেকটি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সিঁড়ির সামনে মালামাল রাখায় সেভা হাউজ নামে একটি ভবনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ভবনটি সাততলা।
অভিযান সূত্রে আরো জানা গেছে, কাচ্চি ভাই রেস্টুরেন্টে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রাখা রয়েছে। এছাড়া পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পাওয়া যায়নি। অগ্নি নিরাপত্তা ব্যবস্থার যেসব যন্ত্রাংশ রয়েছে সেগুলো মেয়াদোত্তীর্ণ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যুর পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় রেস্তোরাঁর ভবনগুলোতে অভিযান চালাচ্ছে পুলিশ ছাড়াও বিভিন্ন সরকারি সংস্থা। পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা না থাকায় বিভিন্ন রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হচ্ছে।
ওই অভিযানের অংশ হিসেবেই আজ অভিযান চালানো হচ্ছে গুলশান এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে।