
মোহাম্মদ ইউসুফ
ঢাকা কলেজ প্রতিনিধি
ঐতিহাসিক ঢাকা কলেজ প্রতিষ্ঠার ১৮২ বছর অতিবাহিত হলেও এখনো শিক্ষার্থীদের বাস সংকট কাটিয়ে উঠতে পারেনি কলেজ প্রশাসন। প্রায় ২৫ হাজার শিক্ষার্থী এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যার বেশিরভাগই ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে আসে। এর মধ্যে দুই হাজার শিক্ষার্থী কলেজের আবাসিক হলে থাকেন। প্রায় ২৩ হাজার শিক্ষার্থী হলের বাইরে থাকেন। আর এ সকল সাধারণ শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র ৮ টি বাস। এদিয়েই চলছে শিক্ষার্থীদের পরিবহন সেবা। বেশিরভাগ শিক্ষার্থীকেই যাতায়াতের জন্য লোকাল বাসের ওপর নির্ভর করতে হয়। অনার্স প্রথম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিলয় আহমেদ মিজি বলেন,‘শহরের বিভিন্ন প্রান্ত থেকে কলেজে শিক্ষার্থীরা যাতায়াত করে। এত শিক্ষার্থীর যাতায়াতে ৮ টি বাস যথেষ্ট নয়। তিনি আরো বলেন, বিভিন্ন সময় যান্ত্রিকত্রুটির কারণে সবগুলো বাস সচল থাকে না। ফলে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয় এবং শিক্ষার্থীরা বাসে অতিরিক্ত ভীড় জমায়, কেউ কেউ দরজায়, জানালায় ঝুলে গন্তব্যে পাড়ি জমায়। এছাড়া ক্যাম্পাস থেকে যেসব পরীক্ষার্থী কম দূরত্বে বসবাস করে তাদের প্রধানত পাবলিক বাস, রিক্সার ওপর নির্ভর করতে হয়। এসব সময়মতো পাওয়া যায় না এবং মাঝে মাঝে অতিরিক্ত ভাড়াও দাবি করে থাকে ফলে শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছে।
কলেজের যে বাসে ৫০-৬০ জন যাওয়া যায়, সেই বাসে রেলিং ঝুলে যাচ্ছে তার দ্বিগুণ শিক্ষার্থী।
পর্যাপ্ত বাস না থাকায়, পুরোনো বাস ব্যবহার, ইত্যাদি বিষয় নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে।
বাস সংকটের ফলে শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে।
বাস সংকটের বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, বাস সংকট সমাধানের জন্য বাইরে থেকে বাস ভাড়া করার চেষ্টা চলছে। ইতোমধ্যে একটি বাস ভাড়া করা হয়েছে। আটটি বাসের মাধ্যমে বর্তমানে পরিবহন সেবা চলমান রয়েছে।