
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় তুলসীগঙ্গা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) বিকেল ৪ টার দিকে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চকবুলাকি ওই নদীর কচুরিপানার ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর থানার চন্ডিপুর ইউনিয়নের চকবুলাকি গ্রামের তুলসী গঙ্গানদীর কচুরিপানার ভিতর বস্তাবন্দী অজ্ঞাতনামা এক পুরুষ মানুষের মরদেহ পড়েছিল। তার মরদেহ এলাকার লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গফুর জানান, ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পর মরদেহটি অনেকদিন ধরে পড়ে ছিলো। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ। এছাড়া আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।