
নিজস্ব প্রতিবেদক
দেশে কাবাডি খেলার প্রসারে অবদানের জন্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর ২০২৩ সালের সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
সেরা সংগঠক হওয়ায় বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ডিএমপি কমিশনারকে।
বিএসপিএ’র সাধারণ সম্পাদক মো. সামন হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এ উপলক্ষে আগামী ২১ এপ্রিল ২০২৪, রবিবার এক জমকালো অনুষ্ঠানে ডিএমপি কমিশনারকে বিএসপিএ এই পুরস্কার তুলে দেবে।
হাবিবুর রহমান একজন সফল ক্রীড়া সংগঠক। তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সেক্রেটারি এবং এশিয়ান কাবাডি ফেডারেশনের সহসভাপতি। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি তার হাত ধরেই আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন উচ্চতায় আবির্ভূত হয়। তার গতিশীল নেতৃত্বে দেশে বাংলাদেশ গেমস, যুব গেমস, জাতীয় কাবাডি প্রতিযোগিতা, আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি, প্রিমিয়ার কাবাডি লীগ, প্রথম ও দ্বিতীয় বিভাগ কাবাডি লীগসহ অসংখ্য কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ কাবাডির অবস্থান ৫ম। এছাড়াও এশিয়ান কাবাডিতে ৫ম ও সাউথ এশিয়ান কাবাডিতে বাংলাদেশের অবস্থান ৩য়। কাবাডিতে তার অভূতপূর্ব উদ্যোগের কারণে ২০২২ সালে ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে কাবাডি ফেডারেশন শ্রেষ্ঠ ফেডারেশন হিসেবে স্বীকৃতি পায়।
উল্লেখ্য, দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি যা বর্তমানে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) নামে পরিচিত। ১৯৬২ সালে সংগঠনটি প্রতিষ্ঠার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে। গত অর্ধশতাব্দিরও বেশি সময়ে কয়েকশত ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে।