
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলীসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ওই পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা।
মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনের রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানান তারা।
সমাবেশে অংশ নেওয়া ডিপ্লোমা প্রকৌশলীরা বলেন, রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলেওয়ের উপ-সহকারী প্রকৌশলী ১০ম গ্রেডের গত ৫ তারিখে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করতে হবে। একইসঙ্গে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে হবে।
এসময় তারা ‘প্রশ্ন ফাঁসের পরীক্ষা, মানি না মানবো না’, ‘প্রশ্ন ফাঁসের পরীক্ষা, বাতিল চাই বাতিল চাই’, ‘রেলের পরীক্ষা, বাতিল চাই বাতিল চাই’ বলে স্লোগান দেন।