
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় নাহিদ ও জাহিদ নামের দুই সহোদরসহ মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। তারা তিনজনই একই মোটরসাইকেলে ছিলেন। গত মঙ্গলবার (০৯ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।দুর্ঘটার বিষয়টি মোবাইলফোনে ভোরের বাংলা নিউজকে নিশ্চিত করেছেন, উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মো. আবু জাফর সিদ্দিকী। ঘটনার বিষয়টি নিশ্চিতের সময় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে আবু জাফর সিদ্দিকী বলেন, ‘একই মোটরসাইকে ওই তিন যুবক কায়েরভিটার দিক থেকে নিলিরমোড়ে এসে হাইওয়ে সড়কে ওঠে। এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক তারা রাস্তায় ওঠা মাত্রই দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং পরে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর একজন মারা যায়। নিহতদের মধ্যে নাহিদ মিয়া (২০) ও জাহিদ মিয়া (১৭) উপজেলার নাসিরাবাদ এলাকার আশালত মিয়ার ছেলে। নিহত এই দুই সহোদরের পরিচয় মোবাইলফোনে দিনাজপুর জেলার ঘাড়াঘাটের ফায়ার সার্ভিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এসময় ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কনস্টেবল মন্জুল ইসলাম মোবাইলফোনে জানান, আমরা জাহিদ ও নাহিদ নামের নিহত দুই যুবককে স্পটে পেয়েছি। অপরজনের বিষয়ে কিছু জানি না। এদিকে, ঘোড়াঘাট থানার এসআই আব্দুল আউয়াল নিহত অপর জনের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করে শাকিল (১৯) নামের এক যুবককে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর মৃত্যু হয়েছে। নিহত শাকিল ওই দুজনের প্রতিবেশি হতে পারে বলে ধারণা করেন তিনি।