
বিনোদন ডেস্ক
স্ত্রী শালিনী তালওয়ারের সঙ্গে ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় ভারতের জনপ্রিয় র্যাপার হানি সিংয়ের। স্ত্রী সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পর আবার নতুন প্রেমের সম্পর্কে জড়ান এই গায়ক। এরপর কোনো রাখঢাক না রেখেই আনুষ্ঠানিকভাবে প্রেমিকা টিনা থাডানিকে পরিচয়ও করিয়ে দেন হানি। কিন্তু গেলো বছরের এপ্রিলে জানা যায়, টিনা থাডানির সঙ্গেও সম্পর্কচ্ছেদ। এবার জানা গেলো, পাঞ্জাবি ছবির নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই গায়ক। তার নতুন এই প্রেমিকার নাম হীরা সোহল।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ দিন পর চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে কনসার্টে অংশ নেন হানি সিং। তার ওই কনসার্টে উপস্থিত ছিলেন নয়া প্রেমিকা হীরা সোহল।এই জুটির ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানায়, গেলো এক বছর ধরে সম্পর্কে রয়েছেন হানি সিং এবং হীরা। গেলো মাসে তারা একসঙ্গে রোমান্টিক সময় কাটিয়েছেন। হানি সিং বরাবরই তার সম্পর্কের বিষয়ে খোলামেলা। হীরাকে তার পার্টনার হিসেবে পরিচয়ও করিয়ে দিয়েছেন। তবে আপাতত এই সম্পর্কের বিষয়টি জনসাধারণের কাছে গোপন রাখতে চান তারা।
জানা গেছে, পাঞ্জাবের বেশ কিছু মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন হীরা সোহল। হিন্দি ভাষার ওয়েব সিরিজ ছাড়াও ‘থ্যাঙ্ক গড’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন হীরা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।
উল্লেখ্য, ২০২২ সালে হানি সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তা, মানসিক নির্যাতন ও আর্থিকভাবে নিগ্রহের অভিযোগ তোলেন শালিনী তালওয়ার। পরে মামলাও করেন তিনি। গায়ক স্বামীর কাছে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন শালিনী। পরে দিল্লির সাকেট জেলা আদালতে তাদের ডিভোর্স চূড়ান্ত হয়। শালিনীর সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর তার হাতে এক কোটি রুপির চেক তুলে দেন হানি সিং।