
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে ভাউমান টালাবহ এলাকায় নৌকাডুবে একই পরিবারের মা-ছেলে নিখোঁজ হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাউমান টালাবহ এলাকার কৈডাঙ্গা বিলে একই পরিবারের ৫জন নৌকা নিয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মা সাদিয়া আক্তার ও ছেলে আব্দুল্লাহ নিখোঁজ হয়।
নিখোঁজ ব্যক্তিরা হলো ভাউমান টালাবহ এলাকা সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার(২৪) ও সাদিয়া আক্তারের ৩ বছরের ছেলে আব্দুল্লাহ।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, কালিয়াকৈরে ভাউমান টালাবহ এলাকার ফরমান উদ্দিন সোমবার বিকেলে তার স্ত্রী, মেয়ে মরিয়ম ও নাতনি সাদিয়া ও সাদিয়ার ৩ বছরের ছেলে আব্দুল্লাহকে নিয়ে বাড়ীর পাশের কৈডাঙ্গা বিলে নৌকা নিয়ে বেড়াতে যায়।বেড়ানোর একপর্যায়ে সন্ধ্যায় ৬টার দিকে ওই বিলের একটি কালভার্টের নিচ দিয়ে যাওয়ার সময় প্রবল স্রোতে তাদের নৌকাটি ডুবে যায়। এসময় দাদা ফরমান উদ্দিন ও তার স্ত্রী এবং মেয়ে মরিয়ম টানে উঠতে পারলেও নাতনি সাদিয়া এবং তার ৩ বছরের ছেলে আব্দুল্লাহ নিখোঁজ হয়। আশপাশের লোকজন এগিয়ে তাদের অনেক খুঁজেও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ওই বিলে গিয়ে পৌঁছানোর পর রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ করতে ব্যাহত হয়। পরে এলাকাবাসী উদ্ধারকাজ অব্যাহত রেখেছে। এ প্রতিবেদন পাঠানো পর্যন্ত মা-ছেলে নিখোঁজ রয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন,রাত হয়ে যাওয়ার কারনে নিখোঁজ মা-ছেলেকে উদ্ধারে কাজ করা যাচ্ছে না। আগামীকাল সকালে উদ্ধার কাজ করা হবে।