
চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলায় খালের পাড় থেকে আনোয়ার মোল্লা ওরফে আনো (৪৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার সন্তোষপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। আটকেরা হলেন কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মোঃ আকরাম শেখের ছেলে মোঃ সজিব শেখ ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাকশি গ্রামের সুদেব মজুমদার সাগর।
নিহত আনোয়ার মোল্লা বাগেরহাট শহরের মাঝিডাঙ্গা এলাকার সলেমান মোল্লার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে বাগেরহাট শহরের প্রধান বাজার থেকে যাত্রী নিয়ে চিতলমারীর উদ্দেশ্যে রওনা করেন ইজিবাইক চালক মোল্লা ওরফে আনো। অনেক রাত হয়ে যাওয়ার পরেও আনোয়ার বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে আনোয়ারের ইজিবাইকে লাগানো মটোলক (লোকেশন ট্রাকার) ডিভাইস-এর মাধ্যমে ইজিবাইকটির অবস্থান জানা যায়। মটোলক ডিভাইসের টেকনিশিয়ান এনামুল আহসান তিতাশ, আনোয়ারের ভাই দেলোয়ার মোল্লাসহ কয়েকজন পুলিশের সহায়তায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা মোড় থেকে ইজিবাইকসহ ছিনতাইকারীদের আটক করে। পরে এ ঘটনায় ওই রাতেই চিতলমারী থানায় মামলা দায়ের হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী কুশির বাগান সংলগ্ন খালের চর থেকে আনোয়ার মোল্লা ওরফে আনোর মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ারের ভাই দেলোয়ার মোল্লা বলেন, অনেক রাত হওয়ার পরেও যখন ফোনে পাচ্ছিলাম না তখন আমরা মটোলক ডিভাইসের টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করি। পরে পুলিশের সহায়তায় ছিনতাইকারীদের আটক করি। আমি এই হত্যার বিচার চাই।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন চন্দ্র রায় বলেন, হত্যার শিকার ইজিবাইক চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।