
নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে পুড়িয়ে হত্যার পর বিবস্ত্র অবস্থায় এক যুবকের লাশ বনের ভেতরে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। নিখোঁজের এক সপ্তাহ পর শুক্রবার রাতে উপজেলার গলাচিপা এলাকায় গভীর বনের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্কারচালা ঝিনজিচালা এলাকার ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬)।
নিহতের পিতা ইউসুফ আলী বলেন, আমি গত ৬ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজে যাবার সময় জাহাঙ্গীর আলম আমার পিছনে পিছনে বের হয়ে যায়।রাত হয়ে গেলেও জাহাঙ্গীর ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি এবং তার ফোন ও বন্ধ পাওয়া যায়।পরে কালিয়াকৈর থানায় জিডি করা হয়।
গত ১৩সেপ্টেম্বর শুক্রবার দুপুরের পর পথচারীরা উত্তর লস্কর চালা এলাকার গজারি বনের ভেতরে এক যুবকের ঝুলন্ত অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।আমরা খবর পেয়ে গিয়ে মৃত ব্যক্তি আমার ছেলে জাহাঙ্গীর আলম বলে সনাক্ত করি।
নিহতের ছোট ভাই আলমগীর হোসেন বলেন, গত ৪/৫ বছর আগে জাহাঙ্গীর বিয়ে করেন। তাঁর সংসারে স্ত্রী, তিন বছরের এক মেয়ে ও দুই দিন বয়সের এক ছেলে সন্তান রয়েছে। হঠাৎ করেই গত শুক্রবার তিনি নিখোঁজ হলে। খোঁজাখুজির পর গত বৃহস্পতিবার থানায় জিডি করেছি। এরই মধ্যে ভাইয়ের লাশ পেলাম। কি কারণে এ নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে? তা জানি না। তবে যারা তাকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানাচ্ছি।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহম্মেদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কি কারণে এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে? তা এখনো জানা যায়নি।