
হায়দার,হাবিপ্রবি প্রতিনিধি :
আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাধিক শাখায় দায়িত্ব পালনরত শিক্ষক পদত্যাগ করেন। যার ফলে প্রশাসনিক ও আর্থিক সকল শাখায় শূন্য পদের সৃষ্টি হয়। শূন্য এ সকল পদে নিয়োগপ্রাপ্ত অধিকাংশই কৃষি অনুষদ থেকে হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ই সেপ্টেম্বর) জরুরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালনরত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির ও প্রক্টর ড.শামসুজ্জোহা সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ সদস্যদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করেন ৷
অনুষ্ঠানটি পরিচালনা করেন জনসংযোগ শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম ৷
উক্ত মতবিনিময় সভায় নবগঠিত আর্থিক ও প্রশাসনিক সকল শাখায় দায়িত্ব প্রাপ্ত শিক্ষকরা বেশির ভাগই একটি অনুষদ (কৃষি অনুষদ) কেন্দ্রিক হওয়ার কারন জানতে চাওয়া হলে ভারপ্রাপ্ত আর্থিক ও প্রশাসনিক প্রধান ড. হাসান ফুয়াদ এল তাজ বলেন , আমাদের বিশ্ববিদ্যালয় একটি কৃষি কলেজ হিসেবে যাত্রা শুরু করে ১৯৭৯ সালে এবং পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে চালু করা হয়৷ কৃষি অনুষদ থেকে অন্যান্য অনুষদ তুলনামূলক নতুন হওয়ায় কৃষি অনুষদের মধ্যে দক্ষ ও জ্যৈষ্ঠ অধ্যাপক বেশি রয়েছেন। বর্তমান প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব যারা পেয়েছেন তারা মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন।
উল্লেখ্য যে অধিকাংশ দায়িত্ব প্রাপ্ত শিক্ষক কৃষি অনুষদ থেকে হওয়ায় শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সমালোচনা করেছেন৷