
লক্ষ্মীপুরের রামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড রামচরন দে বাড়ির মন্দিরে এ ঘটনাটি ঘটে।
রামচরণ দে বাড়ির শিখা রানী দে ও ওয়াসিমা রানী দে জানান, জুমার নামাজের কিছুক্ষণ আগে ৭-৮ জন কমবয়সী ছেলে মন্দিরে এসে শুকাতে দেয়া প্রতিমাগুলো ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারা কয়েকটি প্রতিমার হাত লাঠি দিয়ে ভেঙে ফেলে। পরে বাড়ির লোকজন বের হয়ে আসলে শিশুরা পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় চার শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে পুলিশ একই এলাকার আকরাম উদ্দিন পন্ডিত বাড়ির বাবুল মিয়ার ছেলে আবদুর রহমান জাহিদ (১০), রাজু মিয়ার ছেলে রিফাত (১১), আলাউদ্দিনের ছেলে ইয়াসিন আরাফাত মুন্না (১২) ও ফারুকের ছেলে সালমানকে (৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তারা সবাই স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনা কর্মকর্তা ও উপজেলা জামাতের আমিরসহ স্থানীয় জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ।
জেলা পুলিশ সুপার জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। শিশুদের জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ চলছে ।” শীঘ্রই দোষিদের আইনের আওতায় আনা হবে।