
বান্দরবান প্রতিনিধি
খাগড়াছড়ি দিঘীনালায় দুর্বৃত্তের দেওয়া অগ্নিসংযোগের জের ধরে তিন পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে নানা ঝামেলা সৃষ্টি হয়েছে। অন্যদিকে পার্বত্য জেলা বান্দরবানের পরিবেশ এখনও শান্ত রয়েছে । বান্দরবানে সম্প্রীতি ধরে রাখতে এবং পরিবেশ সুশৃঙ্খল রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আয়োজন করা হয় শান্তি ও সম্প্রীতির আলোচনা সভা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি শান্তি-সম্প্রীতির বৈঠক আয়োজন করা হয়। এতে পাহাড়ি-বাঙালি সম্প্রদায় ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মজিবর রহমান, পাহাড়ি সম্প্রদায়ের নেতা অংচমং মারমা, নারী নেত্রী ডনাইপ্রু নেলী, পার্বত্য নাগরিক পরিষদের নেতা নাসিরুল আলম, চনুমং মারমা, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বান্দরবানের শান্তি সম্প্রীতি রক্ষায় রাখতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং পাহাড়ি- বাঙালি নেতৃবৃন্দ বলেন, অপর দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি-খাগড়াছড়িতে অপ্রীতিকর ঘটনা ঘটলেও বান্দরবান শান্তি ও সম্প্রীতির এখন বজায় রয়েছে । এখানে পাহাড়ি-বাঙালি ১২টি সম্প্রদায় দীর্ঘকাল ধরে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। এখানে যাতে কোনো সম্প্রদায়ের মধ্যে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।