
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ মাদকবিরোধী আন্দোলনের ব্যানারে মানববন্ধনে উপজেলার সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন – গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম তারেক, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির সভাপতি মতিন এম এ মোল্লা, ডাঃ জাফরিন জাহেদ জিতি, সেনাবাহিনীর (অবঃ) সার্জন ও ফাঁসিতলা বক্সিং ক্লাবের সভাপতি রাশেদ রায়হান, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রাশেদ মিয়া, শিক্ষক আকমল আকন্দ, মাকসুদ রহমান প্রমুখ। মানববন্ধন অনুষ্ঠানের সঞ্চালনা করেন তারেক রহমান। মাদক নির্মুলের শপথ বাক্য পাঠ করান সাব্বির সুম্মান। এসময় বক্তারা বলেন, এলাকায় মাদকের ভয়াবহ থাবায় প্রতিনিয়ত সমাজের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সকলকে জরুরী ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে মাদক নির্মুল করার আহবান জানান। শুধু তাই নয়, আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে নিরাপদ, সুস্থ ও উন্নত সমাজ গড়ে তুলতে যারা মাদকের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে মাদক কারবারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ও মাদক নির্মূলের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করার জন্য শহর, গ্রাম ও ইউনিয়নে মাদক বিরোধী কমিটিও গঠন করা হবে।