
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে আছাদুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের গাইবান্ধা-সাঘাটা সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আছাদুল ইসলাম জেলার সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামের মৃত আলতাফ হোসেন মণ্ডলের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন তিনজন। বাদিয়াখালীর দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথে ত্রিমোহনী বাজারের সামনে পৌঁছালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ আরোহীরা ছিটকে পড়ে যান। এতে মোটরসাইকেল চালক আছাদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজনকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে।