
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় শুক্রবার (৪ অক্টোবর) ভোররাতে সন্ত্রাসী হামলায় একটি মুদির দোকানে লুটপাট ও ভাঙচুর চালানো হয়েছে, এবং মসজিদে তালা লাগিয়ে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। বটতলী রুস্তমহাট এলাকায় মেসার্স আমজাদী ভান্ডারে এ হামলায় ৬ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আছেন দোকানের কর্মচারী মোহাম্মদ জুয়েল (২৮), মোহাম্মদ রিপন (৩২), মোহাম্মদ মানিক (৩০), এবং মোহাম্মদ ইউসুফ (৫০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী মোহাম্মদ ইকরাম আমজাদী অভিযোগ করেন, স্থানীয় কিছু সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তাদের দোকান থেকে চাঁদা দাবি ও দোকান দখলের হুমকি দিয়ে আসছিল। তিনি জানান, হামলাকারীরা ভোররাতে ৫০-৬০ জনের একটি দল নিয়ে দেশীয় অস্ত্রসহ দোকানে হামলা চালায় এবং কর্মচারীদের মারধর করে।
আহত মুসল্লিদের সহায়তার জন্য মসজিদে নামাজরতরা মসজিদের মাইকে ঘোষণা দিলে হামলাকারীরা মসজিদে তালা ঝুলিয়ে দেয় এবং বাহিরে আগুন জ্বালিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পাশাপাশি দোকান এবং আরেকটি মোটরসাইকেল ভাঙচুর করে।
ঘটনার পর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এখনও পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।