
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলা বোদা উপজেলায় পুকুরের পানিতে পড়ে বাপ্পী নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ১৬ অক্টোবর দুপুরে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ফুলতলা সুন্দুরা পুকুরী এলাকায় এঘটনাটি ঘটে। নিহত শিশু বাপ্পীর বাড়ি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকায়। সে ওই এলাকার মঞ্জু ইসলামের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকার বাসিন্দা সফিউল ইসলাম বলেন, গত পাঁচ দিন আগে শিশু বাপ্পী তার মা বেলি আক্তার সহ বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ফুলতলা সুন্দুরা পুকুরী এলাকায় নানা নাসির উদ্দীনের বাড়িতে যান। পরে বুধবার দুপুরে পরিবারের সদস্যরা অন্য কাজে থাকায় বাড়ির উঠানে খেলা করছিল শিশু বাপ্পী।
এ সময় শিশুটি হাটতে হাটতে বাড়ির বাইরে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের ধার দিয়ে হাটার সময় পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করলে শিশুটিকে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে -বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।