
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
ছাটকালপানি মাঝিপাড়া গ্রামের শ্রী মোসারু বর্মনের ছেলে ও বোনারপাড়া মাছ আরোদের এর মাছ ব্যাবসায়ী শ্রীধাম নামে এক মাছ ব্যবসায়ীকে মিলন মিয়া, এরশাদ মিয়া, রফিকুল ইসলাম ও আবুল কালাম, লিটন মিয়া কর্তৃক পিটিয়ে হত্যা করার প্রতিবাদে হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী। অত্র এলাকাবাসীর উদ্যোগে গত রবিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বোনারপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্রীধাম হত্যাকারীদের বিচারের দাবী ওফাঁসির দাবি জানিয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,বোনারপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক রাজীব রায়, নিহত শ্রীধাম এর বড় ভাই সুবাস চন্দ্র দাস, অন্যান্যের মধ্যে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাঘাটা উপজেলা শাখার সাবেক সভাপতি প্রদীপ কুমার কর, মাসুদুর রহমান মাসুদ, ভানু চন্দ্র দাস, রামনাল চন্দ্র, লিতু চন্দ্র সহ অনেকে। বক্তারা বলেন- শ্রীধাম হত্যার ৭২ ঘন্টা হতে চললেও অপরাধীদের এখনও গ্রেফতার করেনি সাঘাটা থানা পুলিশ। প্রশাসন টাকা নিয়ে অপরাধীদের আইনের আওতায় নিচ্ছেনা। আমরা ৬ ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে অপরাধীদের আইনের আওতায় না আনলে আজ থেকে ২৮ ও ২৯ অক্টোবর বোনারপাড়ায় অর্ধদিবস হরতাল পালন সহ কঠোর কর্মসূচী গ্রহন করা হবে। সাঘাটা উপজেলা পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী নিহতদের পরিবারের সদস্যকে শান্তনা দিয়ে বলেন- আমরা এ হত্যার বিষয় নিয়ে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি। অপরাধীদের দ্রুত গ্রেফতার করার জন্য আমরা সেনাবাহিনী, র্যাব ও বাংলাদেশ পুলিশকে তোরজোড় করছি। উল্লেখ্য, স্থানীয় সুত্রে জানা যায়- বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া ও রফিকুল ইসলাম তেলিয়ান মৌজার ছাটকালপানি মাঝিপাড়ার একটি বিল দখল করে সেখানে মাছ চাষ প্রকল্প পরিচালনা করেন। তারা মাঝিপাড়া মন্দির থেকে বৈদ্যুতিক লাইন নেন। তবে বিদ্যুৎ বিলের বকেয়া থাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। পরে মন্দির কমিটির উদ্যোগে সংযোগ পুনঃস্থাপন করা হয়। সংযোগ পুনঃস্থাপনের পর মিলন মিয়া ও তার সহযোগীরা মন্দিরের বৈদ্যুতিক মিটার থেকে তাদের মাছ চাষ প্রকল্পের জন্য সংযোগ নিতে চাইলে মন্দির কমিটির সদস্য ও মাছ ব্যবসায়ী শ্রীধাম এতে বাধা দেন। এই ঘটনায় বিরোধের একপর্যায়ে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মিলন মিয়া, এরশাদ মিয়া, রফিকুল ইসলাম ও আবুল কালামসহ ৪-৫ জন মিলে শ্রীধামকে মারধর করেন এবং মাছ বিক্রির ট্রে দিয়ে বুকে আঘাত করেন। শ্রীধামকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বলেন, বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধের কারণে হত্যার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।