
জাবি প্রতিনিধি
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শীতকালে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিরা আসে সবুজ এ আঙিনায়। তাই অতিথি পাখিদের সুরক্ষার জন্য লেক পরিষ্কার কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
শনিবার (৯ নভেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট ও চৌরঙ্গী সংলগ্ন এলাকায় অতিথি পাখিদের সুরক্ষার জন্য লেক পরিষ্কার কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
এসময় শাখা ছাত্রদল নেতা শরিফুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান, লেক এবং অন্যান্য জলাশয়গুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন না করার ময়লার স্তুপ এবং জলাশয়গুলো নোংরা, ময়লা, আবর্জনায় পূর্ণ হয়ে গিয়েছে। এর ফলে ক্যাম্পাসে মশা এবং অন্যান্য কীটপতঙ্গের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু এবং অন্যান্য রোগের প্রাদুর্ভাব হওয়ার শংকা তৈরী হচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে জাবি ছাত্রদলের উদ্যোগে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। আমরা আশা করছি প্রশাসন এখন দ্রুত উদ্যোগ নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন অবস্থানে স্তুপ হয়ে থাকা ময়লার ভাগাড় এবং নোংরা জলাশয় পরিষ্কারে দ্রুত উদ্যোগ গ্রহণ করবে।
ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মুরাদ বলেন, অতিথি পাখিদের রাজ্য হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর শীতে কয়েকশো রকমের পাখি বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে আসে। আসন্ন শীত উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আমরা কয়েকটি লেক পরিষ্কারের প্রচেষ্টা করেছি, যাতে অতিথি পাখিদের এই অভয়ারণ্যে বিচরণ নির্বিঘ্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা এম আর মুরাদ, হাসান হাবিব, নিশাত আব্দুল্লাহ, রায়হান পারভেজ, তরিক আহমেদ, রোকনুজ্জামান, সাকিব আহমেদ, আসাদ জামান, জাহিদ, আব্দুল গাফফার, ফিরোজ আহমেদ, রিফাত মাহমুদ, মিরাজ, আখতারুজ্জামান, নাঈম আহমেদ, তাওফিকুর রহমান, জাহিদ খান, সোলাইমান হোসেন, মেহেদী হাসান শেখ, মনির, আতিকুজ্জামান, সামিন ইয়াসার লাবিব, আদনান, নাদিম, রোহানসহ আরো অনেকে।