
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলার দর্শনার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক প্যানেল মেয়র জয়নাল আবেদীন নফরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় তার স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে সেনাবাহিনী তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদিন নফর ওরফে হাতকাটা নফর দর্শনার পৌর এলাকার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং দর্শনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও স্বর্ণ চোরাচালানসহ ১০টি মামলা রয়েছে।চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর সোমবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় নফরকে। পরে তার স্বীকারোক্তিতে ওই দিন রাতে নফরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুড়ি ও ৬টি চাপাতি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত।