
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৯০ হাজার জরিমানা করেছে। বুধবার বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা বড়বাজার নিচের বাজারে মেসার্স পিয়াস স্টোর ও মেসার্স হীরা স্টোরে এ তদারকি চালানো হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, বুধবার বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা বড় বাজারের নিচের বাজার এলাকায় তদারকি করে। এ সময় মেসার্স পিয়াস স্টোর ও মেসার্স হীরা স্টোরে তদারকিকালে বিভিন্ন নকল শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। পিয়াস স্টোরের মালিক পিয়াস উদ্দীনকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ১০ হাজার টাকা ও হীরা স্টোরের মালিক মুক্তার আলীকে একই ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও জনসম্মুখে উদ্ধারকৃত নকল শিশুখাদ্য পণ্যগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
পরে বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়াও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে।তদারকির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করেন সেনাবাহিনীর একটি দল।