
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর কয়েক কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়। দীর্ঘদিন থেকে বাজারের সরকারি জায়গার উপর স্থানীয় ব্যবসায়ীরা পাকা দোকান ঘর বানিয়ে দখল করে স্থায়ীভাবে ব্যবসা করে আসছিলেন। তবে উচ্ছেদের পর জায়গাটি বর্তমানে পুরো ফাঁকা থাকলেও স্থানীয়রা পুনরায় জায়গা দখল হওয়ার আশংকা করছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে ব্যবসায়ীরা দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি সার্ভেয়ার দিয়ে সরকারি জায়গা পরিমাপের পর ওইসব অবৈধ দোকানমালিকদের নোটিশ করে অবৈধ স্থাপনা সরানোর অনুরোধ করা হয়। কিন্তু তারা সেই আদেশ না মানায় আজ অভিযান চালিয়ে এসব দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, থানা পুলিশ, এপিবিএন সদস্যবৃন্দ ও সাপমারা ইউপির তহশিলদার।