
ঢাবি প্রতিনিধি
মো. সিফাতুল্লাহ তাসনীম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের বিতর্ক সংগঠন জিয়া হল ডিবেটিং ক্লাব (ZHDC) এর উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জিয়া হল অডিটোরিয়ামে ‘সংসদীয় বিতর্কের অ আ ক খ’ শিরোনামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত ছিল।
জিয়া হল ডিবেটিং ক্লাবের মডারেটর ড. মো: জহির উদ্দিন পলাশ, নব-নির্বাচিত ক্লাবের সভাপতি পারভেজ মোশারফ ও সাধারণ সম্পাদক নাইমুল আবরার এ সময় উপস্থিত ছিলেন।
বুয়েট ডিবেটিং ক্লাব ও নটরডেম ডিবেটিং ক্লাবের ডিবেট কোচ সামি মোহাম্মদ এতে বিতর্কের বিভিন্ন নিয়ম, যুক্তি উপস্থাপন ও খণ্ডনের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে উপস্থিত শিক্ষার্থী ও বিতার্কিকদের প্রশিক্ষণ দেন।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (১৩ নভেম্বর) ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে জিয়া হল ডিবেটিং ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫৪ টি ভোটের মধ্য ২৮ টি ভোট পেয়ে ক্লাবটির সভাপতি পদে পারভেজ মোশারফ, ৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নাইমুল আবরার এবং ৩০ ভোট পেয়ে হোসনে ইয়াসমিন আরাফাত ইংরেজি কনভেনার পদে নির্বাচিত হন।
ক্লাবের নব-নির্বাচিত সভাপতি পারভেজ মোশারফ ভোরের বাংলা নিউজকে বলেন, জিয়া হল ডিবেটিং ক্লাবের ইতিহাসে প্রথম যে নির্বাচন হয়েছিল, আমরা তার নির্বাচিত প্রতিনিধি। আমাদের ভোটারদের কাছে প্রতিশ্রুতি ছিল যে, নির্বাচিত হওয়ার পর বিতর্কের গুণগত মান বৃদ্ধির জন্য চেষ্টা করবো এবং মাসে অন্তত একটি হলেও কর্মশালা আয়োজন করবো। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে আজকে আমাদের প্রথম কর্মশালাটি শেষ করলাম। প্রতি মাসে আমরা অন্তত একটি কর্মশালা করবো এবং এটি আমাদের রুটিন ওয়ার্ক হিসেবে থাকবে।
ক্লাবের সাধারণ সম্পাদক নাইমুল আবরার জানান, এই রকম আয়োজন সামনেও অব্যাহত থাকবে। জিয়া হলের শিক্ষার্থীরা যাতে আরও ভালভাবে বিতর্ক শিখতে পারে সেজন্য আমরা ইংশাআল্লাহ জাতীয় কর্মশালা আয়োজন করবো। এ ধরণের কর্মশালার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা, বিতর্কের দক্ষতা এবং তাদের চিন্তাগত জায়গায় যে বোঝাপড়া সেটি আরও উন্নত হবে। এ সময় তিনি জিয়া হল ডিবেটিং ক্লাবকে একটি আন্তর্জাতিক মানের বিতর্ক চর্চা ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।