
জেলা প্রতিনিধি,
মাগুরা।
সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মান বাড়াতে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপী সাংবাদিকদের নিয়ে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে শুরু হওয়া এ প্রশিক্ষণে মাগুরা প্রেসক্লাবের ৪০ জন নতুন ও পুরাতন সাংবাদিক অংশ নেয়।
মাগুরা প্রেসক্লাব এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণের প্রথমদিনে মাগুরার সাংবাদিকতার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোকপাত করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। সাংবাদিকতার নীতি, নৈতিকতা, দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। সংবাদ সংগ্রহের প্রাথমিক প্রস্তুতির ধারণা দেন সাংবাদিক শরীফ তেহরান টুটুল ও সংবাদ কৌশল ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিক রূপক আইচ।
দ্বিতীয় দিন শনিবার সংবাদের প্রকার ও ধারণা, প্রতিবেদন তৈরি কৌশল ও মোবাইল সাংবাদিকতা, সাংবাদিকতা ও তথ্য অধিকার আইন নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। সমাপনী দিনে প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, মাগুরা প্রেসক্লাব সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করছে। বর্তমানে নতুন ও পুরাতন সদস্যদের সংবাদের প্রকার ও ধারণা, প্রতিবেদন তৈরি কৌশল ও মোবাইল সাংবাদিকতা, সাংবাদিকতা ও তথ্য অধিকার আইন বিষয়ে আমরা প্রাথমিক ধারণার জন্য এ প্রশিক্ষণের আয়োজন করেছি। এ প্রশিক্ষণের ধারা অব্যাহত থাকবে।