
ববি প্রতিনিধি:
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৮-তম (জরুরী) সিন্ডিকেট সভায় গৃহীত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২১/০১/২০২৫ খ্রিঃ তারিখ মঙ্গলবার রাত ৯ টায় অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৮-তম (জরুরী) সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, বরিশাল বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না এবং আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামসমূহের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত গৃহীত উল্লিখিত সিদ্ধান্তটি বাস্তবায়নের নিমিত্তে অফিস আদেশটি জারি করা হলো। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকার থেকে চাওয়া হয়েছে আমরা গুচ্ছে থাকি। কিন্তু সভায় সবাই একমত পোষন করেছেন যে কোয়ালিটি নিশ্চিত করার জন্য আমাদের স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়া উচিত। গুচ্ছের কারনে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং আমাদের সেশনজট তৈরি হচ্ছে । তাই বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করা, দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠা ও কোয়ালিটি স্টুডেন্ট নিশ্চিত করা এই তিনটি কারণেই আলাদাভাবে স্বতন্ত্র ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।