
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে বাসচাপায় রাজাপুরে পিংড়ি এলাকায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব সহকারী শুকদেব মন্ডল (২৫) নিহত হয়েছেন। আজ সোমবার বিকাল ৪টার দিকে বরিশাল- ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শুকদেব ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠি গ্রামের মৃত দেবেন্দ্র মন্ডলের ছেলে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, বিদ্যালয়ের দায়িত্ব পালন শেষে ঝালকাঠি শহর থেকে রাজাপুরের বাঘড়ি এলাকায় একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে যায়। অনুষ্ঠান শেষ করে অটোরিকশা যোগে নিজ বাড়ি দেউলকাঠিতে ফিরছিলেন। হঠাৎ অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। একটি বিআরটিসি বাসচাপায় গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শুকদেব মন্ডলের নিকট আত্মীয় অমিত মন্ডল বলেন, ‘দুই বছর আগে বাবাকে হারায় শুকদেব, আগামীকাল তার বাবার মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার বাড়িতে চার শত লোকের খাবারের আয়োজন ছিল। বাজারও করা হয়েছে। কিন্তু বাসচাপায় শুকদেবের মৃত্যুতে সব শেষ হয়ে গেল।’
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘অটোরিকশা থেকে পড়ে বাসচাপায় শুকদের মন্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে।’