
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে সোমবার দুপুরে পৌর মিনি স্টেডিয়ামের সামনে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমরা সবাই মিলেমিশে মানবিক বাংলাদেশ গড়ব।সেই বাংলাদেশে প্রতিটি মানুষ প্রতিটি মানুষের দুঃখে সাড়া দেবে এবং প্রথম সাড়া দেওয়ার দায়িত্ব থাকবে সরকারের। সরকার জনগণকে সঙ্গে নিয়ে একটি কল্যাণকর এবং মানবিক রাষ্ট্র গড়বে। কোরআনের ভিত্তিতে এমন একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা।’ সেই অভিযাত্রায় দেশবাসীকে পাশে পাওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন,’ জুলাই-আগস্ট ছাত্র-জনতাকে খুনের পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও বাস্তবায়নকারী সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। এ খুনিদের বিচার বাংলাদেশের পেনাল কোর্ট অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।’জুলাই আন্দোলনে অনেকে আহত হয়েছন, অনেকে জীবন হারিয়েছেন। অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। চোখ হারিয়ে হাসপাতালের বেডে কেউবা বিছানায় কাতরাচ্ছেন। এই আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, সেই ছাত্র-জনতার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ-তাআলা তাদের সবাইকে সুস্থ ভালো রাখুক।
তিনি জালেমদের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছেন ।
ডা: শফিকুর রহমান বলেন, শহীদরা কারো পারিবারিক সম্পত্তি নয়, শহীদরা এ জাতির সম্পদ। আমরা সবাই শহীদ পরিবারের সদস্য। জামায়াতে ইসলামী জুলাই-আগস্টের সব শহীদ পরিবারের প্রতি নৈতিক দায়িত্ব পালন করবে।
শহীদ সেলিম তালুকদারের কন্যাসন্তানকে দেখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যাসন্তানকে দেখতে এসেছি। আমরা তার নাম রেখেছি সাইমা সেলিম রোজা। তার বেড়ে ওঠা, বিকশিত হওয়া, শিক্ষা, চিকিৎসা ও বিয়ে পর্যন্ত আমরা তার দায়িত্ব নিচ্ছি।’অবিলম্বে সেলিম তালুকদারের হত্যাকারী জ্বালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার নিয়ে কোনো সময় ক্ষেপন মেনে নেওয়া হবে না।স্বল্প সময়ের মধ্যে নির্দেশকারী পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী সকলকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই।’
জামায়াতের আমির বলেন, ‘আগামী নির্বাচনে জামায়াতকে নির্বাচন করলে জামায়াত নেতাদের দুনিয়ার সম্পদ বৃদ্ধি পাবে না বরং আখেরাতের সম্পদ বাড়বে।’
ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ মোয়াজ্জেম হোসাইন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াতের প্রার্থী সাবেক বাকসু এ জি এস শেখ নেয়ামুল করিম, ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।
জুলাই অভ্যুত্থানে নিহত সেলিম তালুকদারের বাসায় ডা: শফিকুর রহমান :
গত জুলাই অভ্যুত্থানে বাড্ডা এলাকায় সেলিম তালুকদার গুলিবিদ্ধ হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর শোক না কাটতেই সাত মাস পরে ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে গত ৮ মার্চ রাতে সুমী আক্তার কোল জুড়ে আসে
ফুটফুটে কন্যাসন্তান।আর এই শিশু কন্যাকে নিয়েই ঘুরে দাঁড়াবার আশা নিহত সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তারের।তার স্বপ্ন পুরনে হাত বাড়িয়ে দিয়েছেন জামায়াতের আমির ডা: শফিকুর রহমান।
সোমবার (১৭ মার্চ) দুপুরে হেলিকপ্টারে ঝালকাঠি শহরের প্রেস ক্লাবের সামনে পৌর মিনি স্টেডিয়ামে নামেন জামায়াতের আমির।পরে তিনি পৌর শহরের কবিরাজ বাড়ি এলাকায় শহীদ সেলিম তালুকদারের শ্বশুরবাড়িতে যান।
সেখানে গিয়ে তার নবজাতক কন্যাকে কোলে তুলে নেন। তার নাম রাখেন সাইমা সেলিম রোজা। জামায়াতের আমির শিশুটির মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। পাশাপাশি শিশুটির দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন ডা: শফিকুর রহমান।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যাসন্তানকে দেখতে এসেছি। আমরা তার নাম রেখেছি সাইমা সেলিম রোজা। তার বেড়ে ওঠা, বিকশিত হওয়া, শিক্ষা, চিকিৎসা ও বিয়ে পর্যন্ত আমরা তার দায়িত্ব নিচ্ছি।’ জামায়াত আমির সব সময় শিশুটির খোঁজখবর রাখার জন্য স্থানীয় জামায়াত নেতাদের নির্দেশ দেন।
উল্লেখ্য নিহত সেলিম তালুকদারের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামে। গত বছর ১৮ জুলাই রাজধানীর মধ্যবাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন সেলিম। ১৩ দিন পর ৩১ জুলাই হাসপাতালে তার মৃত্যু হয়। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করে সেলিম নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানে সহকারী মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন।