
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ধলেশ্বরী নদীতে নৌকায় দেশীয় অস্ত্র প্রদর্শন ও অশ্লীল নৃত্য প্রদর্শনকারী কিশোর গ্যাং ‘ডেঞ্জার গ্যাং’ এর ১৬ সদস্যকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। গতকাল (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল অভিযানে নেমে এসব সদস্যকে আটক করে।
অভিযানের সময়, কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচছিল, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়টি নিশ্চিত করেছে এবং উল্লেখ করেছে, গত ২ এপ্রিল কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল ১৬ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করা হয়। নৌকাটি সার্চ করার পর, আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী আরও ২ জন গ্যাং লিডারকে গ্রেপ্তার করা হয় এবং সবাইকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, সেনাবাহিনী বর্তমানে পালিয়ে যাওয়া গ্যাং সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই মশিউর রহমান জানান, এটি মুলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা সেনাবাহিনীকে সহযোগী করেছি। আসামিদের রাত ১ টার সময় মুন্সিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঈদের দিন হতে বিভিন্ন ট্রলার যোগে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর ও উঠতি বয়সের বখাটেরা তুলশীখালী ব্রিজের আশেপাশে নদীতে উচ্চস্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্যের পাশাপাশি দেশি অস্ত্র নিয়ে মহরা দিচ্ছিলো। উচ্চস্বরে অশালীন গান, উলঙ্গ নৃত্য, আর বেশি অস্ত্রের ঝনঝনানি কিছু উৎসুক জনতা উপভোগ করলেও অধিকাংশ সাধারণ মানুষ নদীর পাড়ে আসতে পারতোনা। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে আসা যেতো না নদী ও ব্রিজে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো অশ্লীলতা মুক্ত ঈদ আনন্দ। দেরিতে হলেও এমন অভিযানে খুশি স্থানীয় লোকজন।