
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২৮), সাহেব আলীর ছেলে আফজাল হোসেন (৫৫) এবং মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৫)। তাদের মধ্যে আফজাল হোসেন ও মিলন মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা।
স্থানীয়রা জানান, মিলন মিয়ার বাড়িতে পল্লী বিদ্যুতের খোলা তারের সংযোগ ছিল। কিন্তু মিলন মিয়া তা জানতেন না। আজ দুপুরে মিলন মিয়া ঘরের চালে ময়লা পরিষ্কার করার জন্য উঠলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে আফজাল হোসেন এবং পরে মোশারফ হোসেন একে একে বিদ্যুতায়িত হন। এতে তিনজনই ঘটনাস্থলে গুরুতর আহত হন।
প্রতিবেশীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কামালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাহিনুর ইসলাম সাজু জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বিদ্যুৎ সংযোগে ত্রুটি থেকে এমন দুর্ঘটনা ঘটবে তা কেউ ভাবেনি। একসাথে তিনজন প্রাণ হারানোয় পুরো এলাকায জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।