
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকায় থাকা মোস্টওয়ান্টেড এইচ.এম. মোহতাসিম ফুয়াদ ওরফে হৃদয়কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌরশহরের বর্ধনকুঠি খানাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হৃদয় ওই এলাকার কলেজ শিক্ষক মাহবুবার রহমানের বড় ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন এসআই সেলিম রেজা, আপেল মাহমুদসহ পুলিশের একটি বিশেষ দল।
থানা সূত্রে জানা গেছে, হৃদয়ের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের হয় ২০১৯ সালের ৫ এপ্রিল। এরপর থেকে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে একাধিক মামলা রুজু হয়েছে। বর্তমানে সে ২০২৪ সালের ৭ নভেম্বর দায়েরকৃত ৯ নম্বর মামলা এবং ২০২৫ সালের ২৩ জুন দায়েরকৃত ৫১ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম হৃদয়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে রবিবার আদালতে সোপর্দ করা হবে।